প্রকাশিত: ১০ জুন ২০২৬, ০৪:১০ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক প্রফেসর ডঃ মোঃ মবিনুল ইসলাম এর ওপর শহীদ আবরার ফাহাদ হলের কতিপয় শিক্ষার্থী কর্তৃক হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও একাডেমিক ভবনগুলো প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা "শিক্ষকের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই", "সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও" সহ বিভিন্ন স্লোগান দেন। ছাত্র সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা আমাদের অভিভাবক। প্রক্টরের মতো দায়িত্বশীল একজন শিক্ষকের ওপর প্রকাশ্য দিবালোকে এই হামলা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করা না হলে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।
