প্রকাশিত: ০৬ জুন ২০২৬, ০৯:৩৯ এএম
উত্তর নাইজারে সাহারা মরুভূমির দুর্গম এলাকায় পানির অভাবে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহনকারী ট্রাকটি বিকল হয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শুক্রবার (৫ জুন) প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
মৃতদের মধ্যে যারা ছিলেন তারা মালিতে পবিত্র ঈদুল আজহার উদযাপন শেষে দেশে ফেরার পথে ছিলেন। পথে খাবার ও পানি শেষ হয়ে যাওয়ায় তারা নাইজার-আলজেরিয়া সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং পয়েন্ট আসামাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে আটকা পড়েন।
আগাদেজ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ভ্রমণকারীরা এমন একটি চরম পরিবেশে আটকা পড়েছিলেন, যেখানে তাপমাত্রা অত্যন্ত বেশি এবং খাদ্য ও পানির অভাব বেঁচে থাকা কঠিন করে তোলে। ঘটনার সময় মাত্র দু’জনই বেঁচে ছিলেন। তারা মরুভূমি পাড়ি দিয়ে আসামাকায় পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।
গভর্নরের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাকটি মালির তেলহানদেক শহর থেকে যাত্রা শুরু করেছিল। তবে এটি নির্ধারিত পথ থেকে সরে যায়। কয়েকদিন ধরে চালক ও যাত্রীরা ট্রাকটি মেরামতের চেষ্টা করলেও সফল হননি। পানি না থাকা এবং যানটি ঠিকমতো কাজ না করার কারণে তারা চরম পরিস্থিতিতে আটকা পড়েন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকের নিচে ও আশপাশে বহু মৃতদেহ পাওয়া গেছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদের গণকবরের মাধ্যমে দাফন করেছে।
ঘটনাস্থল ত্যাগের পথে উদ্ধারকারী দল আরেকটি বিকল ট্রাক পায়, যাতে ৬০-এরও বেশি মানুষ ছিলেন। তিন দিন ধরে সেখানে আটকা থাকা যাত্রীদের পানি সরবরাহ করা হয় এবং ট্রাক মেরামত করে নিরাপদে যাত্রা চালানোর ব্যবস্থা করা হয়।
নাইজারের মরুভূমি এখনও পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপের দিকে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে বিপজ্জনক পরিস্থিতি জানলেও অনেকে নিয়মিতভাবে এই পথ ব্যবহার করে।
