প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. তোজাম্মেল হোসেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৭ জুন) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী উপাচার্য পদের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা। বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি অতীতে দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
