মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৭:৩০ এএম
বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
লিচুগাছের ছায় মাটিতে পাতা-ডালসহ স্তূপ হয়ে আছে থোকা থোকা গাঢ় লাল পাকা লিচু। সবুজ ক্রেটের ওপর বসে একজন নারী মন দিয়ে লিচু বাছাই করছেন। পাশে বৃদ্ধ চাষি বসে লিচু ধরছেন। একটু দূরে শিশু আরেক নারী-পরিবারের সবাই মিলে নেমেছে বাগানের কাজে। পাশে রাখা বড় বাঁশের ঝুড়িটা ভরে গেলেই সেটা চলে যাবে বাজারে।এমন দৃশ্য দেখা গেলে সরজমিনে ( ২ জুন ) মঙ্গলবার পাহাড়ে টিলায় বর্ষিজুড়া আব্দুল মুহিব এর বাগানে।
এটাই এখন মৌলভীবাজারের প্রতিদিনের দৃশ্য। আবহাওয়া অনুকূলে থাকায় পাহাড়-টিলা আর সমতল ভূমিতে এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। স্থানীয় উন্নত জাতের রসালো লিচু গাছে গাছে ঝুলছে। মৌসুমের শুরুতেই বাজারে উঠেছে ফলটি, চাহিদা থাকায় কেনাবেচাও জমে উঠেছে।
পাহাড়-টিলায় সারি সারি লিচুগাছ। কোথাও বাড়ির আঙিনাজুড়ে ১০-১২ ফুট উঁচু গাছ মাথা তুলে দাঁড়িয়ে। থোকায় থোকায় পাকা লিচু নামাতে ব্যস্ত চাষিরা। ভোর না হতেই বাগানে বাগানে জড়ো হচ্ছেন পাইকাররা।
কৃষি বিভাগের তথ্য বলছে, জেলার ১৩০টি বাগানের ২৫২ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। উৎপাদন ১ হাজার ৯৪৫ মেট্রিক টন। এ বছর লিচু বিক্রি থেকে কয়েক কোটি টাকা আয় হবে চাষিদের। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় সব উপজেলাতেই কমবেশি লিচু চাষ হয়।
সদরের বর্ষিজুড়া, জগন্নাথপুর, শ্যামেরকোনা, আপারকাগাবলা ছাড়াও কুলাউড়া, বড়লেখা, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পাহাড়-টিলায় ভালো ফলন হয়েছে। স্থানীয় জাতের পাশাপাশি বারী-২, বারী-৩ ও বোম্বাই জাতের লিচুও আছে, তবে পরিমাণে কম।
বর্ষিজুড়ার চাষি আব্দুল মুহিব বলেন, “এবারও ফলন ভালো। আগে বাগান পাইকারের কাছে বিক্রি করতাম, এবার নিজেরাই বিক্রি করছি। প্রতিদিন পাইকার আসছে, দামও ভালো পাচ্ছি।” পাইকার রামলাল ১৫ হাজার টাকায় ছোট বাগান কিনে লিচু নামাচ্ছেন। তবে অতিবৃষ্টি আর বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কা করছেন তিনি।
এখন মৌলভীবাজার শহরেই প্রতিদিন কয়েক লাখ টাকার লিচু বিক্রি হচ্ছে। একশ লিচু ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। বন্যপ্রাণী ও বৃষ্টির কারণে অনেকে আগেভাগেই লিচু নামিয়ে নিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জাল উদ্দিন জানান, মাঠপর্যায়ে তদারকি ও পোকামাকড় দমনে সময়মতো পরামর্শ দেওয়ায় ভালো ফলন এসেছে। মাটি-আবহাওয়া অনুকূল হওয়ায় লিচু চাষ সম্প্রসারণে চাষিদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।