প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
জননিরাপত্তার স্বার্থে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘির কুমিরটি আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন বিভাগের সহায়তায় কুমিরটিকে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসন, বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, মাজার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, সাম্প্রতিক ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, কুমিরটি স্থানান্তরের জন্য বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা কুমিরটির আচরণ ও অবস্থান পর্যবেক্ষণ করে ধরার পদ্ধতি, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো নির্ধারণ করবেন।
প্রসঙ্গত, সম্প্রতি মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা আক্তার নামের এক শিশু কুমিরের হামলার শিকার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই দিঘিতে থাকা কুমিরের বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি ওঠে।
