বুধবার ০৩, জুন ২০২৬

বুধবার ০৩, জুন ২০২৬ -- : -- --

গোপালগঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে দুই নেতার যোগদান

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া মধ্যপাড়া এলাকায় বিএনপির উদ্যোগে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে এসে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মিনা এবং সঞ্চালনা করেন রাসেকুজ্জামান পলাশ।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা এবং ছাত্রদল নেতা ইমরুল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

যোগদান অনুষ্ঠানে নবাগত দুই নেতাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের বিএনপিতে সম্পৃক্ত হওয়া দলের সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে।"

যোগদান শেষে ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, "এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।" একইসঙ্গে তারা দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখের যোগদানের মাধ্যমে নিজড়া ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ যোগদান অনুষ্ঠান নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Link copied!