রবিবার ৩১, মে ২০২৬

রবিবার ৩১, মে ২০২৬ -- : -- --

প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে ২০২৬, ০৮:৪১ এএম

ছবি: সংগৃহীত

প্রিয় শিক্ষককে সম্মান জানাতে প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেন রাজকীয় বিদায়ের, যেখানে ঘোড়ার গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এমনই এক ব্যতিক্রমী ও আবেগঘন ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার (৩০ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দাইপুখুরিয়ার নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

দীর্ঘ কর্মজীবনের পুরো সময় একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করা শফিকুল ইসলাম স্থানীয়ভাবে একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিত। এলাকাবাসীর দাবি, তার আন্তরিক প্রচেষ্টায় এলাকায় শিক্ষার মান উন্নয়ন হয়েছে এবং বহু শিক্ষার্থী প্রতিষ্ঠিত হয়েছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।

প্রিয় শিক্ষকের বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয় প্রাঙ্গণে। সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মানুষ ও শিক্ষিত করে গড়ে তুলতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার কাছে পড়াশোনা করে অনেকেই আজ প্রতিষ্ঠিত হয়েছে। তবে তাদের হৃদয়ে আমার জন্য এত বড় জায়গা রয়েছে, তা কখনো ভাবিনি। আজ আমি সত্যিই গর্বিত ও আবেগাপ্লুত।

Link copied!