প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৭:৩১ পিএম
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরে ইউআইটিএস-এর আইন বিভাগ এবং অনুষ্ঠানের প্রধান অতিথির সংক্ষিপ্ত জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য দেন ইউআইটিএস-এর অ্যাডভাইজর ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি তাঁর বক্তব্যে আইনের দার্শনিক ভিত্তি, ন্যায়বিচারের ধারণা, বিচারিক যুক্তি বিশ্লেষণ এবং আধুনিক জুরিসপ্রুডেন্সের বিভিন্ন তাত্ত্বিক দিক নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি। তাঁর বক্তব্য আইন শিক্ষার্থী, গবেষক ও আইনবিদদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি এবং ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভালো কাজের সদিচ্ছা ও পরিশ্রম মানুষকে যুগান্তকারী সাফল্যের পথে নিয়ে যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তিনি মূল প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী প্রতিফলন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন সমালোচনামূলক আইন গবেষণা ও বৌদ্ধিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং আইন শিক্ষার উৎকর্ষ সাধনে এ ধরনের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘ক্রেস্ট প্রেজেন্টেশন’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ‘১ম ইন্ট্রা-ইউআইটিএস ল কলোকিয়াম’-এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন ইউআইটিএস-এর আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং বিপুলসংখ্যক আইন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
