বৃহস্পতিবার ২১, মে ২০২৬

বৃহস্পতিবার ২১, মে ২০২৬ -- : -- --

সংরক্ষিত নারী আসনের ৫০ সংসদ সদস্যের শপথ আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:০৩ এএম

জাতীয় সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ (রোববার) অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রাত ৯টায় এ শপথগ্রহণের আয়োজন করা হয়েছে।

শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৩০ এপ্রিল সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৪৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। একটি আসনে আইনি জটিলতা থাকায় সেটি ঝুলে ছিল।

পরে আদালতের নির্দেশে ওই আসনে এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এর ফলে সংরক্ষিত নারী আসনের সবগুলো পদ পূর্ণ হয় এবং ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণের পথ সুগম হয়।

আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এ আসনগুলো বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬ জন, জামায়াত জোট ১৩ জন এবং স্বতন্ত্র জোট একজন প্রার্থী মনোনয়ন দেয়। তারা সবাই ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও একটি মনোনয়ন বাতিল হয়। এরপর বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এদিকে মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময় অতিক্রমের পর এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশনার পর নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে।

সবশেষে শনিবার তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে সংরক্ষিত নারী আসনের ৫০টি আসনই পূর্ণতা পায়।

Link copied!