বুধবার ২০, মে ২০২৬

বুধবার ২০, মে ২০২৬ -- : -- --

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির মতবিনিময়

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:০৪ পিএম

দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর সঙ্গে রাবিপ্রবি সাংবাদিক সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. আয়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে সমিতির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময়কালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও রূপরেখা তুলে ধরেন। তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক গবেষণার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক সমস্যা, আবাসন সংকট নিরসন, হলের খাবারে ভর্তুকি প্রদান, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি, ক্যাম্পাস নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে উপাচার্যকে অবহিত করেন। এছাড়াও নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন তারা।

সভায় বিশ্ববিদ্যালয় ও সাংবাদিক সমিতি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য এসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আদিত্য চৌধূরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্নব ঘাগ্রা এবং সদস্য মো. ইসমাইল উপস্থিত ছিলেন।

 
 
 
Link copied!