প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৪৬ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগত যুবককে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন নারী শিক্ষার্থী কিলোরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুই বহিরাগত যুবক এক শিক্ষার্থীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ওই দুই যুবককে প্রশাসনিক ভবনে নিয়ে যান।
পরে ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার শর্তে লিখিত মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আটক দুই যুবক ছাতকের বাসিন্দা বলে জানা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত এক যুবক বলেন, “আমি বুঝতে পারিনি শয়তানির ছলে এসব মন্তব্য করেছি। আমার ভুল হয়ে গিয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে এসব করবো না।”
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “আজকে আমরা কিলোরোড দিয়ে হেটে আসার সময় বহিরাগত দুইজন যুবক আমাদেরকে লক্ষ্য করে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এটি এখন ক্যাম্পাসের সাধারণ ঘটনা হয়ে উঠছে। মাঝে মাঝে বহিরাগতরা এসে নারী শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো পদক্ষেপ নিতে হবে। তারা যেন কোনোভাবেই ক্যাম্পাসে ঢুকতে না পারে।”
তিনি আরও বলেন, “এই ধরনের ঘটনা ঘটলেই শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যার ফলে অপরাধীরা আরো সাহস পাচ্ছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এরকম করার সাহস না পায়।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, “আজ সন্ধ্যায় দুই বহিরাগত যুবক আমাদের একজন নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেছেন। এটি অভিযুক্ত ব্যক্তি নিজেও স্বীকার করেছেন। পরবর্তীতে তার বড়ো ভাইকে এনে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।”
