বুধবার ০৬, মে ২০২৬

বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় নেই গোবিপ্রবি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১০:৫১ এএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়-এ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র) প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (৪ মে) থেকে শুরু হয়ে বুধবার (৬ মে) পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এ আয়োজন।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সোমবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা হয়। এতে দেশের মোট ৫৬টি বিশ্ববিদ্যালয় ১৯টি ইভেন্টে অংশ নিচ্ছে।

তবে এ প্রতিযোগিতায় নেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অংশ নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের ধারাবাহিকতা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এ আয়োজন থেকে তাদের বিশ্ববিদ্যালয়ের বাদ পড়া অত্যন্ত হতাশাজনক। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে তারা মনে করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় যখন একাধিক ইভেন্টে অংশ নিচ্ছে, তখন তাদের বিশ্ববিদ্যালয় কেবল ফুটবলে অংশ নিচ্ছে। অন্যান্য ইভেন্টে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষকের কাছে অনুরোধ করা হলেও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হোসেন উদ্দিন শেখর বলেন, বিষয়টি শরীরচর্চা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভালো বলতে পারবেন। তিনি জানান, হয়তো পর্যাপ্ত প্রশিক্ষিত খেলোয়াড় না থাকায় অংশগ্রহণ সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংক্রান্ত বিষয়ে একটি কমিটি রয়েছে, তারা প্রস্তাব দিলে প্রশাসন তা এগিয়ে নেয়।

অন্যদিকে শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বাবুল মণ্ডল বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কারণে প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগে কিছু সীমাবদ্ধতা ছিল। এছাড়া দীর্ঘদিন কোনো ক্রীড়া কমিটি না থাকা, ফুটবল সংশ্লিষ্ট জটিলতা এবং খেলার বিরতির কারণে এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এ ধরনের সমস্যা কাটিয়ে উঠে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে।

Link copied!