শনিবার ১৬, মে ২০২৬

শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --

জাবিতে বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

​ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কঠোর অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দাদের ক্যাম্পাসের ভেতর দিয়ে যাতায়াতের জন্য বাধ্যতামূলকভাবে 'বৈধ পাস' সংগ্রহ করতে হবে।

​বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এই নতুন নিয়মাবলীর ঘোষণা দেন।

​প্রক্টর জানান, আমবাগান, গেরুয়া ও ইসলামনগর এলাকার বাসিন্দারা যারা নিয়মিত যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় ব্যবহার করেন, তাদের প্রথমবার প্রবেশের সময় নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। এরপর প্রশাসন থেকে ইস্যু করা পাস দেখিয়ে তারা ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত করতে পারবেন। তবে এই পাস কেবল যাতায়াতের জন্য কার্যকর হবে; ক্যাম্পাসের ভেতরে কোনো প্রকার অহেতুক ঘোরাফেরা করা যাবে না।​

নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’
​গত ১২ মে রাতে ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতেই মূলত এই কঠোর পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়:

​পরিচয়পত্র বাধ্যতামূলক: শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ক্যাম্পাসের ভেতরে কর্মরত নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদেরও পরিচয়পত্র সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
​নিরাপত্তা টহল: গঠন করা হচ্ছে 'কুইক রেসপন্স টিম' এবং সার্বক্ষণিক সহায়তার জন্য চালু হচ্ছে 'নিরাপত্তা হটলাইন'।
​অবকাঠামোগত উন্নয়ন: সীমানা প্রাচীর নির্মাণ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
​উচ্ছেদ অভিযান: ক্যাম্পাসের ভেতরে থাকা অবৈধ ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হবে এবং আলবেরুনী হলের টিনশেড ভবনটি সরিয়ে ফেলা হবে।
​শৃঙ্খলায় কঠোরতা: সাইবার বুলিং ও র‌্যাগিং প্রতিরোধে বিশেষ কমিটি গঠন এবং আনসার সদস্যের সংখ্যা বাড়ানো হচ্ছে।

​সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান ও সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। প্রক্টর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন, লগবুকে এন্ট্রি এবং স্বাক্ষর করা ব্যতিরেকে কেউ ভেতরে প্রবেশের অনুমতি পাবেন না।

Link copied!