নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৫:৫১ এএম
শনিবার ১৬, মে ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘প্রবীণ কল্যাণে স্থানীয় ও জাতীয় উদ্যোগ: আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনার এবং আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ মে ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণ, অধিকার সুরক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক সহায়তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি প্রবীণবান্ধব নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধি এবং গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিজিএ মহাসচিব অধ্যাপক ড. রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার এবং নাজমুল করিম দুলাল। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ) এর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঞা। এছাড়াও বক্তব্য প্রদান করেন মনির উদ্দিন মনি, ড. প্রদীপ কুমার সাহা এবং ড. দিলীপ কুমার সাহা প্রমুখ।
শফিউল আজম শাকিলের সঞ্চালনায় সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাহাবুবা আফরিন টাটা। তিনি তার উপস্থাপনায় বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠীর বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং তাদের জন্য কার্যকর নীতি ও সেবাব্যবস্থা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।