প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৮:২৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য নেচার কনজারভেশন ফাউন্ডেশন (জাবি শাখা) এর যৌথ উদ্যোগে ‘বিপন্ন বৃক্ষ রোপণ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টায় মওলানা ভাসানী হল-এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ৪০টি বিপন্ন দেশীয় প্রজাতির মোট ৭১টি গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত গাছগুলোর মধ্যে কড়ই, লোহাকাঠ, মহুয়া, অশোক, সিন্দুরি, হলুদ, উদাল, কুসুমসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ রয়েছে।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় উদ্ভিদের সংরক্ষণ এবং ক্যাম্পাসের হারিয়ে যাওয়া প্রাকৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মওলানা ভাসানী হলের ভিপি আব্দুল হাই স্বপন বলেন, “বিশ্ববিদ্যালয় আসলে একটি জীবন্ত সংগ্রহশালা। সঠিক পরিকল্পনা ও সংরক্ষণের অভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক মূল্যবান গাছপালা হারিয়ে যাচ্ছে। ‘অভয়ারণ্য’ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় উদ্ভিদ সংগ্রহ করে হল সংসদের সহযোগিতায় আজ সেগুলো রোপণ করেছে। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জাবির হারিয়ে যাওয়া প্রাকৃতিক ঐতিহ্য ও উদ্ভিদ বৈচিত্র্য পুনরুদ্ধার সম্ভব হবে।”
এসময়মওলানা ভাসানী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে অভয়ারণ্য জাবি শাখার ফাউন্ডার কো-অর্ডিনেটর আসাদুজ্জামান বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস গড়তে চাই, যা শুধু ইট-পাথরের নয়; বরং বিপন্ন গাছপালার এক জীবন্ত সংরক্ষণাগার হবে।”
এ সময় উপস্থিত ছিলেন শ্যামল কান্তি সরকার, সভাপতি, অভয়ারণ্য নেচার কনজারভেশন ফাউন্ডেশনসহ হল প্রশাসন, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা।
