প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৮:৫১ পিএম
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাঠ পর্যায়ে জৈব বালাইনাশকের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণ এবং রাসায়নিক নির্ভরতা কমানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাহাড় অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র, রামগড়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাজুবাদাম ও কপি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি অঙ্গ) এর অর্থায়নে কর্মশালাটি বাস্তবায়ন করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী উদ্যানতত্ত্ব কর্মকর্তা এবং বৈজ্ঞানিক সহকারীরা অংশগ্রহণ করেন।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মনিরুজ্জামান। তিনি জৈব বালাইনাশকের গুরুত্ব, প্রস্তুত প্রণালী এবং মাঠ পর্যায়ে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিশেষ প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) কৃষিবিদ এমদাদুল হক। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া আধুনিক কৃষিতে জৈব পদ্ধতির প্রয়োজনীয়তা এবং এর দীর্ঘমেয়াদি সুফল তুলে ধরেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জৈব বালাইনাশকের সঠিক ব্যবহার, রাসায়নিক বালাইনাশকের ক্ষতিকর প্রভাব হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে অবহিত করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে জৈব প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
