ইয়ামিন আহমেদ,যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১২:৫৯ এএম
বুধবার ০৬, মে ২০২৬ -- : -- --
অ্যাথলেটিক্সে দলের ৫ স্বর্ণপদক জয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এ পাঁচটি স্বর্ণপদক জিতে চমক দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। দুই দিনব্যাপী (৪–৫ মে) এ প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে বিশ্ববিদ্যালয়টির ছেলে দল যৌথভাবে দ্বিতীয় এবং মেয়ে দল দ্বিতীয় স্থান অর্জন করে।
ছেলেদের ইভেন্টে যবিপ্রবির পারফরম্যান্স ছিল উজ্জ্বল। শাহরিয়ার আহমেদ ৪০০ মিটার দৌড়ে স্বর্ণ, ৪০০ মিটার হার্ডলসে রৌপ্য এবং ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মারুফ হাসান শাওন ২০০ মিটারে স্বর্ণ ও ১০০ মিটারে রৌপ্য পদক লাভ করেন। সৌরভ বিশ্বাস দীর্ঘ লাফে স্বর্ণ ও ১০০ মিটারে ব্রোঞ্জ পদক অর্জন করেন। বর্শা নিক্ষেপে স্বর্ণ জেতেন আলী আহমেদ।
মেয়েদের ইভেন্টে সামিয়া আক্তার সাথী দীর্ঘ লাফে স্বর্ণ এবং ২০০ মিটারে রৌপ্য পদক অর্জন করেন। এ পাঁচজনের পারফরম্যান্সে যবিপ্রবির স্বর্ণপদকের সংখ্যা দাঁড়ায় পাঁচে।
এছাড়া রহমত আলী চাকতি নিক্ষেপে এবং রবিন দীর্ঘ লাফে রৌপ্য পদক অর্জন করেন। দলগত ইভেন্টে ৪×১০০ মিটার রিলেতে রৌপ্য এবং ৪×৪০০ মিটার রিলেতে ব্রোঞ্জ পদক লাভ করে ছেলেদের দল, যেখানে মোট পয়েন্ট ছিল ৪৩।
মেয়েদের ইভেন্টেও যবিপ্রবি উল্লেখযোগ্য সাফল্য দেখায়। আঁখি সুলতানা সাথী ১০০ মিটার হার্ডলস ও উচ্চ লাফে রৌপ্য এবং দীর্ঘ লাফে ব্রোঞ্জ পদক পান। আইভি আক্তার বর্শা নিক্ষেপে রৌপ্য ও গোলক নিক্ষেপে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্তিকা ৪০০ মিটারে রৌপ্য পদক লাভ করেন। দলগতভাবে ৪×১০০ ও ৪×৪০০ মিটার রিলেতে রৌপ্য পদক জিতে মেয়েদের দল ৩৪ পয়েন্ট অর্জন করে।
যবিপ্রবির অ্যাথলেটিক্স দলের কোচ ও শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ হেল কাফি বলেন, “আমাদের ছাত্র ও ছাত্রী—উভয় দলই রানারআপ হয়েছে। যদিও ছাত্রদের কাছ থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা ছিল, তবুও এই অর্জন আমাদের জন্য বড় সাফল্য। ভবিষ্যতে আরও ভালো করার জন্য আমরা কাজ করে যাব।”
উল্লেখ্য, প্রতিযোগিতায় সম্মিলিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলে দল প্রথম স্থান অর্জন করে। যবিপ্রবি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যৌথভাবে ৪৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়। মেয়েদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং যবিপ্রবি দ্বিতীয় স্থান অর্জন করে।