নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:৫৯ পিএম
মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখছেন সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-তে ওয়েব-পোর্টাল ম্যানেজমেন্ট বিষয়ক ক্যাপাসিটি বিল্ডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং একটি আধুনিক ওয়েব-পোর্টাল প্রতিষ্ঠানকে দেশ-বিদেশে তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল সেবাকে আরও সমৃদ্ধ করতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দ্রুত সেবা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা এবং আইসিটি সেলের সহকারী প্রোগ্রামার মো. জানে আলম। কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান এবং প্রোগ্রাম মডারেটর ছিলেন জি এম রাকিবুল ইসলাম।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।