প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৬:১৩ পিএম
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘Molecules to Medicine: Diagnostics and Quality Assurance for Future Biochemists’ শীর্ষক একটি সময়োপযোগী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (BMB) বিভাগের সেমিনার হলে HEAT Sub-Project (PIN-12327)-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। তিনি বলেন, আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। HEAT প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব সুবিধা ও শিল্পমুখী শিক্ষার পরিবেশ তৈরিতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বারডেম জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ও হেমাটোলজি বিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আব্দুল মোত্তালিব এবং রেনাটা লিমিটেডের কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের ম্যানেজার মো. মাসুদ পারভেজ। তারা মলিকুলার ডায়াগনস্টিকস, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ল্যাবরেটরি কোয়ালিটি কন্ট্রোল, ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড এবং বায়োকেমিস্টদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সিকদারের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। তিনি বলেন, বর্তমান যুগে বায়োকেমিস্ট্রি শুধু একাডেমিক বিষয় নয়, বরং ডায়াগনস্টিকস, রোগ ব্যবস্থাপনা ও বায়োটেকনোলজি উদ্ভাবনের অন্যতম ভিত্তি।
দিনব্যাপী কর্মশালায় বিভাগের শিক্ষক, গবেষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে তথ্যবহুল ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেন এবং এটি তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে মত দেন।
আয়োজকরা জানান, HEAT প্রকল্পের আওতায় ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে।
