প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৫:৪৪ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ উৎসবমুখর পরিবেশে ‘আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।”
ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্যারম, টেবিল টেনিস ও দাবা—এই তিনটি ইভেন্টে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব পুরো আয়োজনকে আকর্ষণীয় করে তোলে।
দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ লালন শাহ হল। ক্যারমে শিরোপা জিতে অমর একুশে হল, রানার-আপ হয় খানজাহান আলী হল। অন্যদিকে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয় শহীদ স্মৃতি হল এবং রানার-আপ ফজলুল হক হল।
ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ মে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং কয়েকদিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার গুরুত্ব আরও জোরদার করে।
