প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৩:১১ পিএম
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যা বাংলাদেশের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত “Recent Advances in Healthcare Technologies: From Wound Care to Diagnostics” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন ও মোবাইলভিত্তিক স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা, দক্ষ জনবল এবং টেকসই নীতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ফিলিপ হেলথকেয়ার-এর স্ট্র্যাটেজিক কী অ্যাকাউন্ট ম্যানেজার মো. ফরহাদ হোসেন এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের প্রভাষক আয়শা বিনতে হুমায়ুন।
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিপু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক নুসরাত জাহান ঊষা। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমিত মজুমদার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক কার্যক্রম তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
