প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:৫৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নে নতুন সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে চৌধুরীহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে চৌধুরীহাট থেকে দারিয়াপুর শীতলাইডাঙ্গা পর্যন্ত প্রায় ১৭৫০ মিটার দীর্ঘ ইউপি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, এই সড়ক কেবল একটি অবকাঠামো নয়, বরং এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। এর মাধ্যমে স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। নতুন এই সড়ক নির্মাণের ফলে কৃষকরা সহজে তাদের পণ্য বাজারজাত করতে পারবেন এবং শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মোহনপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সড়কটি নির্মিত হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন আসবে।
