মঙ্গলবার ০৫, মে ২০২৬

মঙ্গলবার ০৫, মে ২০২৬ -- : -- --

লংগদুতে ভিডিও ফাঁদে ফেলে চাঁদাবাজির অভিযোগ

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:০৪ পিএম

ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাঙামাটির লংগদু উপজেলায় ইয়াবা সংক্রান্ত একটি ভিডিওকে কেন্দ্র করে ফাঁদে ফেলে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে গুলশাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুর নবী (৩১) অভিযোগ করেন, স্থানীয় মোফাজ্জল ও সাকিল পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করে আসছেন।

তার দাবি, একপর্যায়ে তাকে জোরপূর্বক ইয়াবা সংশ্লিষ্ট একটি ভিডিও ধারণে বাধ্য করা হয় এবং পরে সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে অর্থ দাবি করা হয়। পরিস্থিতির চাপে তিনি নিজের মোটরসাইকেল বিক্রি করে এক লাখ টাকা প্রদান করেন। পরবর্তীতে আরও বিভিন্ন সময়ে তাকে প্রায় ৮০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

নুর নবী জানান, সর্বশেষ নিজের সন্তানের স্বর্ণালংকার বিক্রি করেও অর্থ জোগাড় করতে হয়েছে। তবুও অভিযুক্তদের পক্ষ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “আমি এখন নিজের বাড়িতে থাকতে পারছি না। প্রায় ২০ দিন পরিবার নিয়ে চট্টগ্রামে পালিয়ে ছিলাম। নির্যাতনের চাপে  আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরিবারের কথা ভেবে ফিরে আসি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ঘটনার পর লংগদু থানার অফিসার ইনচার্জ ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তার আশ্বাস দিয়েছেন। ইতোমধ্যে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Link copied!