প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৩:০২ পিএম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও জনবল সংকটে কার্যত সেবাহীন অবস্থায় পৌঁছেছে। প্রায় সাড়ে চার লাখ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্রটি নিজেই যেন অসুস্থ হয়ে পড়েছে।
সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে, দুই দশকের প্রশাসনিক জটিলতা ও অবহেলার কারণে হাসপাতালটি কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল এখনো ৩১ শয্যার কাঠামোতেই সীমাবদ্ধ রয়েছে।
রোববার গভীর রাতে হাসপাতালে ১০০-এর বেশি রোগীকে গাদাগাদি অবস্থায় চিকিৎসা নিতে দেখা যায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝে, বারান্দা কিংবা অন্যের বেডের পাশে অবস্থান করতে হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে রোগীদের মোবাইলের আলোই হয়ে উঠছে ভরসা।
স্বাস্থ্যকর্মীদের ভাষ্য অনুযায়ী, নার্স, সুইপার, ওয়ার্ডবয় ও অন্যান্য সহায়ক কর্মীর তীব্র সংকটের কারণে স্বাভাবিক সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এমনকি অ্যাম্বুল্যান্স থাকলেও চালক না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না।
রোগী ও স্বজনরা অভিযোগ করেন, পর্যাপ্ত চিকিৎসক উপস্থিত না থাকায় নিয়মিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি হাসপাতালের পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থাও অত্যন্ত নাজুক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকটকে মূল সমস্যা হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।
