প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:২৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আনাস হলের গাছ থেকে লিচু পেড়ে আবাসিক শিক্ষার্থীদের রুমে রুমে পৌঁছে দিয়েছে হল প্রশাসন।
রোববার (০৩ মে) বিকেলে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদেরের উপস্থিতিতে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
হল সূত্রে জানা যায়, প্রায় তিন হাজার লিচু সংগ্রহ করে ৬৬টি রুমের আবাসিক শিক্ষার্থী এবং হলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং হলজীবনে ভিন্নমাত্রা যোগ করেছে।
শহীদ আনাস হলের আবাসিক শিক্ষার্থী শেখ সুমন বলেন, হল প্রশাসনের এ উদ্যোগ পুরো ক্যাম্পাসের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনদের কাছে অনুরোধ থাকবে অপরিপক্ক লিচু না পেড়ে, সঠিক সময়ে এই ফল সংগ্রহ করে সবাই মিলে মৌসুমী ফলের প্রকৃত স্বাদ নিবো। ক্যাম্পাসের প্রত্যকটি গাছের ফল সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাই।
প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, “ক্যাম্পাসের লিচু বহিরাগতসহ অসচেতন ব্যক্তিরা পরিপক্ব হওয়ার আগেই পেড়ে নষ্ট করে ফেলে। এতে মৌসুমী ফলের প্রকৃত স্বাদ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। তাই আমরা হওয়ার প্রশাসনের উদ্যোগ লিচুগুলো সংগ্রহের জন্য জাল এবং সতর্কবার্তা যুক্ত পোস্টার টাঙ্গিয়ে দিই।”
