প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে সফটওয়্যারও তৈরি করা হচ্ছে। নীতিমালা বাস্তবায়ন হলে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পেতে পারেন।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে। এটা এখন প্রি-ম্যাচিউর স্টেজে আছে।”
তিনি আরও জানান, বদলি কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষক, প্রধান শিক্ষক ও কর্মচারীদের একই নীতিমালার আওতায় আনার চিন্তা করা হচ্ছে।
মন্ত্রী বলেন, “ধরুন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে। এ জন্য একটি সফটওয়্যার ডেভেলপ হচ্ছে।”
শিক্ষা মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে বদলির সুযোগের অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।
