নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম
সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি
যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক পরিণতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত দেহাংশ তার বলে শনাক্ত করেছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (২৫ এপ্রিল) সকালে নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে পুলিশ নাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, এক সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে উদ্ধার করা রক্তের নমুনা ও মানবদেহের অংশবিশেষের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে তা নাহিদা সুলতানা বৃষ্টির বলে শনাক্ত হয়। তবে তার মরদেহের পূর্ণাঙ্গ অংশ উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নাহিদা সুলতানা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ACCE) বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্নের পর তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (USF) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
গত ১৬ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের বাসা থেকে শেষবারের মতো দেখা যায় তাকে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম সালেহ আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাসা থেকেই নাহিদার দেহাংশের নমুনা উদ্ধার করা হয়।
এর আগে নিখোঁজ হওয়া অপর বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর এমন নির্মম পরিণতি বাংলাদেশি কমিউনিটি ও নোবিপ্রবি পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি উঠেছে।