প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা গেছে। এই প্রস্তাবে কী থাকতে পারে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিয়তা পাওয়া যায়নি।তবে ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যমের কিছু বিবরণ প্রকাশের বরাতে বুধবার (২৫ মার্চ) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে শান্তি প্রস্তাবের দাবিগুলো নিচে দেওয়া হলো-
১. ইরানের নাতাঞ্জ, ইসফাহান এবং ফোরদোতে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলো ব্যবহার থেকে সরিয়ে নেওয়া এবং ধ্বংস করতে হবে।
২. ইরানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যকলাপের স্বচ্ছতা ও তদারকি।
৩. মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে (প্রক্সি) সমর্থন দেওয়া বন্ধ করতে হবে। এসব গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র সহায়তা দেওয়া থেকে ইরানকে বিরত থাকতে হবে।
৪. ইতিমধ্যে সঞ্চিত পারমাণবিক সক্ষমতাগুলো ভেঙে ফেলতে হবে।
৫. ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জনের চেষ্টা করতে পারবে না।
৬. ইরানের ভূখণ্ডে কোনো পারমাণবিক উপাদান সমৃদ্ধ করা যাবে না। বর্তমানে থাকা সব সমৃদ্ধ উপাদান আইএইএর কাছে হস্তান্তর করতে হবে।
৭. ‘হরমুজ প্রণালি’ সবসময় উন্মুক্ত রাখতে হবে এবং একে একটি ‘মুক্ত সামুদ্রিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করতে হবে।
৮. ইরানের ক্ষেপণাস্ত্রের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে, তবে সেগুলো সংখ্যা ও পাল্লার দিক থেকে সীমিত থাকবে এবং শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশে ব্যবহার করতে পারবে।
এই প্রস্তাবের অধীনে ইরান যা পাবে-
১. বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বুশেহর শহরে একটি বেসামরিক পারমাণবিক প্রকল্প গড়ে তুলতে যুক্তরাষ্ট্র কারিগরি ও অন্যান্য সহায়তা দেবে।
২. ইরানের ওপর থাকা সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
৩. ভবিষ্যতে আর কখনো ইরানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে না।
আলোচনা চলাকালীন এক মাসব্যাপী যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে – কিন্তু এটিও এখনো নিশ্চিত নয় এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি বলে প্রতিবেদনে জানা গেছে।
