সোমবার ২৭, এপ্রিল ২০২৬

সোমবার ২৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কুবিতে ইন্টারন্যাশনাল ইকো লিডারশীপ সামিট অনুষ্ঠিত

মংক্যএ মার্মা,কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অ্যান্ট্রোপ্রোনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে “ইন্টারন্যাশনাল ইকো লিডারশীপ সামিট ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন, প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান এবং শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান।

অনুষ্ঠানে বক্তারা তরুণদের পরিবেশ সচেতনতা, টেকসই উন্নয়ন ও নেতৃত্ব গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাইম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান তারিকুল হাসান বলেন, যুবসমাজকে এগিয়ে নিতে তাদের প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সোহরাব উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু জ্ঞান গ্রহণ নয়, তা বাস্তব জীবনে প্রয়োগের সক্ষমতা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

শিশুলাজের চেয়ারম্যান ও ডিরেক্টর আজম খান বলেন, কেবল সনদ অর্জনের জন্য নয়, বরং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণ ও সামিটে অংশগ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী অন্বেষা নাথ বলেন, সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী ও তথ্যবহুল ছিল। এতে ইকো লিডারশিপ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জ সম্পর্কে কার্যকর ধারণা পাওয়া গেছে।

ইএলডিসি সভাপতি আবদুল্লা আল নোমান জানান, দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা বৈশ্বিক পরিবেশনীতি, টেকসই উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ক বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে। বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, টিমওয়ার্ক, প্রেজেন্টেশন ও প্যানেল আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা লাভ করে।

তিনি আরও জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখা সম্ভব হবে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখা হবে।

Link copied!