প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)। “ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬”-এ ৩০০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে আইইএলটিএস করার সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে বিদেশে পড়াশোনার সুযোগ, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে “One to One Free Counseling” সেশনের মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে জকসুর ভিপি বলেন, “বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতার যুগে আন্তর্জাতিক মানের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা যাতে আর্থিক সীমাবদ্ধতার কারণে পিছিয়ে না পড়ে, সেজন্যই আমরা ৩০০ জন শিক্ষার্থীর জন্য ফ্রি আইইএলটিএস-এর ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
জকসুর জিএস বলেন, “শুধু আইইএলটিএস নয়, আমরা শিক্ষার্থীদের সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি—কোন দেশে কীভাবে আবেদন করতে হবে, কীভাবে স্কলারশিপ পাওয়া যায়—এসব বিষয়ে হাতে-কলমে সহায়তা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের স্বপ্নপূরণে জকসু সবসময় পাশে থাকবে।”
