রবিবার ১৯, এপ্রিল ২০২৬

রবিবার ১৯, এপ্রিল ২০২৬ -- : -- --

তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত চাঁদপুরের কচুয়া উপজেলা

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পিএম

চাঁদপুরের কচুয়া উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট

চাঁদপুরের কচুয়া উপজেলায় তীব্র বিদ্যুৎ সংকট ও ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলায় প্রায় ১ লাখ ২২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। তবে উপজেলার তিনটি উপকেন্দ্রেই বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতি বিদ্যমান। কচুয়া সদর উপকেন্দ্রে ১৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭ দশমিক ৮ মেগাওয়াট বিদ্যুৎ। রহিমানগর উপকেন্দ্রে ১১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে ৪ মেগাওয়াট এবং পালাখাল উপকেন্দ্রে ১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ৪ মেগাওয়াট বিদ্যুৎ।

তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে রাতের বেলায় মোমবাতির আলোয় পড়াশোনা করছে।

এছাড়া বিদ্যুৎ সংকটের কারণে অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিল্পকারখানার উৎপাদন কমে গেছে। একইসঙ্গে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরাও।

কচুয়া জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত এজিএম লুৎফুর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে।তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে না পারা পর্যন্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয়।

এ পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Link copied!