শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬

শুক্রবার ১৭, এপ্রিল ২০২৬ -- : -- --

কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

কটিয়াদীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চরিয়াকোনা ৪ নম্বর ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মাদকবিরোধী কমিটি, এলাকাবাসী এবং মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মিয়া, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মো. হামিদ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এসময় বক্তারা বলেন, “মাদক ও জুয়া এ দুটি সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক জুয়া এ দুটির জন্য যুবসমাজ আজ ধ্বংসের মুখে দিশেহারা হয়ে পড়েছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।”

তাঁরা আরও বলেন, “এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।”

বক্তারা আরও বলেন, “সমাজে এসব অসামাজিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ধরে নিজেদের হাতে আইন না তুলে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।”

সমাবেশ থেকে এলাকাকে মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Link copied!