প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য শূন্য আসনে নতুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৭০টি আসনে ভর্তি কার্যক্রম আগামী ১৯ ও ২০ এপ্রিল সাক্ষাৎকারের মাধ্যমে সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইউনিটভিত্তিক শূন্য আসনের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটে রয়েছে ২০টি আসন। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ‘বি’ ইউনিটে ৩২টি এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ‘সি’ ইউনিটে রয়েছে ১৭টি আসন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত মেধাক্রম অনুসারে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
মেধাক্রম অনুযায়ী ‘এ’ ইউনিটে ৪৩৩ থেকে ৭০০ পর্যন্ত, ‘বি’ ইউনিটে মানবিক শাখায় ৪২৪-৫৩৫, ব্যবসায় শিক্ষা শাখায় ১০৪-১৫৯ এবং বিজ্ঞান শাখায় ১৫০-২০৫ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে। এছাড়া ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখায় ২৮১-৪০০, মানবিক শাখায় ২৬-৫০ এবং বিজ্ঞান শাখায় ২৯-৫০ পর্যন্ত মেধাক্রমের প্রার্থীরা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
সাক্ষাৎকার শেষে মেধার ভিত্তিতে নতুন তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসন থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট সঙ্গে আনতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিও জমা দিতে হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের ব্যাংকের মাধ্যমে ১৪ হাজার ৬০০ টাকা জমা দিতে হবে। এছাড়া ডিন অফিস ও সংশ্লিষ্ট বিভাগের উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
