প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম
ফুটবলের প্রতি আবেগ কতটা গভীর হতে পারে-তার অনন্য উদাহরণ তৈরি করেছেন আর্জেন্টিনার তিন তরুণ। প্রিয় দল ও তারকা ফুটবলার লিওনেল মেসির খেলা সরাসরি দেখতে সাইকেলে প্রায় ১৭ হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন তাঁরা।
আগামী ১৬ জুন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকার লক্ষ্য নিয়েই দীর্ঘ এই যাত্রায় নেমেছেন ভিসেন্তে কনকুলিনি, মিগুয়েল সিলিও ও ইয়ামান্দু মার্তিনেজ।
তিনজনই আর্জেন্টিনার গুয়ালেগুয়াইচু শহরের বাসিন্দা। ২০২৫ সালের ১৬ আগস্ট তাঁরা সাইকেলযাত্রা শুরু করেন। প্রায় ১০ মাসে যাত্রা শেষ করার পরিকল্পনা নিয়ে এখন পর্যন্ত তাঁরা লাতিন আমেরিকার ১৬টি দেশ অতিক্রম করেছেন এবং বর্তমানে মেক্সিকোতে অবস্থান করছেন।
এই সফর শুধু ফুটবলপ্রেম নয়, বরং এক ধরনের রোমাঞ্চকর অভিযাত্রা বলেই মনে করেন কনকুলিনি। তিনি বলেন, ‘এ সফরের অন্যতম একটি উদ্দেশ্য অবশ্যই জাতীয় দলকে সমর্থন করা, তবে সেটা মূল উদ্দেশ্য নয়। আমাদের কাছে মূল বিষয় হলো দীর্ঘ পথচলা বা যাত্রাটি। আমরা এরই মধ্যে মেক্সিকোসহ ১৬টি দেশ ঘুরে ফেলেছি; এখন শুধু শেষ গন্তব্য যুক্তরাষ্ট্র বাকি, যেখানে কানসাস সিটিতে আর্জেন্টিনা খেলবে।’
পথে নানা দেশের সংস্কৃতি, মানুষের জীবনধারা এবং ভৌগোলিক বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হচ্ছেন তাঁরা। একই সঙ্গে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজেদের শারীরিক সক্ষমতাও বাড়িয়ে তুলছেন।
প্রাথমিকভাবে প্যান-আমেরিকান হাইওয়ে ধরে যাত্রার পরিকল্পনা করলেও বাস্তব পরিস্থিতির কারণে বারবার রুট পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। কখনো মনোরম শহর, কখনো সহজ পথ কিংবা স্থানীয়দের পরামর্শ তাঁদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
তিন বন্ধু তাঁদের এই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করছেন। একটি ইনস্টাগ্রাম পেজে তাঁদের যাত্রার আপডেট অনুসরণ করছেন ইতিমধ্যে হাজারো মানুষ।
এক ভিডিও বার্তায় তাঁরা বলেন, ‘লিও (মেসি), আমরা এখন নিকারাগুয়ায় আছি। তোমাকে জানিয়ে রাখছি, জুনে তোমার খেলা দেখতে আমরা যুক্তরাষ্ট্রে থাকব। আমরা সাইকেলে চড়ে আসছি শুধু তোমার সঙ্গে এক কাপ “মেট” (আর্জেন্টাইন পানীয়) খাওয়ার আশায়।’
দীর্ঘ এই যাত্রা শেষে তাঁদের লক্ষ্য একটাই—মাঠে বসে প্রিয় দলের খেলা দেখা এবং হয়তো এক ঝলক দেখা পাওয়া তাঁদের প্রিয় ফুটবল নায়কের।
