প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম
আইপিএলে অংশগ্রহণের অনুমতি না পেয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া পেসার নুয়ান তুষারা শেষ পর্যন্ত অবস্থান বদলেছেন। বোর্ডের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি মামলা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আগ্রহ প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা ও সভাপতি শাম্মি সিলভাকে পাঠানো এক ই–মেইলে তুষারা জানিয়েছেন, তাঁর উদ্দেশ্য কখনোই বোর্ডকে চাপে ফেলা বা আদালতে টেনে নেওয়া ছিল না।
তিনি লিখেছেন, ‘আমার একমাত্র উদ্দেশ্য ছিল ন্যায়বিচার পাওয়া। আমার মনে হয়েছিল, এই বিষয়ে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি শুধু চেয়েছিলাম আমার উদ্বেগের বিষয়টি যেন গুরুত্ব দিয়ে শোনা হয়। বোর্ডকে ছোট করা বা বিবাদে জড়ানো আমার লক্ষ্য ছিল না।’
আগে দায়ের করা মামলায় তুষারা বোর্ডের শীর্ষ চার কর্মকর্তাকে বিবাদী করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সভাপতি শাম্মি সিলভা, সচিব বান্দুলা দিসানায়েকে, কোষাধ্যক্ষ সুজিওয়া গোডালিয়াড্ডা এবং সিইও অ্যাশলে ডি সিলভা।
তবে এখন তিনি সেই অবস্থান থেকে সরে এসে নিজের পদক্ষেপের কারণে বোর্ড বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো অসুবিধা হয়ে থাকলে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করতে চান।
ই-মেইলে তুষারা আরও লিখেছেন, ‘আমার কোনো কাজের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বা কর্মকর্তাদের যদি কোনো অসুবিধা বা দুশ্চিন্তার কারণ হয়ে থাকে, তবে তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি আইনি পদক্ষেপ প্রত্যাহার করতে এবং আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে আগ্রহী। আমি আশাবাদী যে আমরা ইতিবাচকভাবে সামনে এগিয়ে যেতে পারব।’
চলতি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল তুষারার। তবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় বোর্ড তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দেয়নি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতের শরণাপন্ন হন তিনি।
গত ১ এপ্রিল কলম্বোর জেলা আদালতে করা সেই মামলার শুনানি ইতিমধ্যে শুরু হয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল। তবে তুষারার সাম্প্রতিক অবস্থান পরিবর্তনের পর এখন দেখার বিষয়, এই বিতর্ক শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হয় কি না।
