গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম
রবিবার ০৫, এপ্রিল ২০২৬ -- : -- --
সুমন সরেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সাফ অনূর্ধ্ব ২০ পুরুষ ফুটবলে শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের নেপথ্যে থাকা তরুণদের একজন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সুমন সরেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪ ৩ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামেন সুমন সরেন।
সুমন সরেনের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। তিনি বর্তমানে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
পুরো আসরজুড়ে বাংলাদেশ দলের হয়ে একাধিক ম্যাচে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ ফরোয়ার্ড। ফাইনালেও দলের আস্থার প্রতীক হয়ে মাঠে নামেন তিনি। তার এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
সুমন সরেনের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শারীরিক প্রশিক্ষক মো. হাবিব উদ্দিন বলেন, 'আমি তার সাফল্যে আনন্দিত, সাফল্যের ধারাবাহিকতা যেন সে ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলে নিজের জায়গা করে নিতে পারে এই প্রত্যাশা করি।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন 'তার সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার এমন সাফল্য অব্যাহত থাকুক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে তার এই অর্জনকে সকল শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরবে বিশ্ববিদ্যালয়।'
প্রসঙ্গত, ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব ২০ আসরে বাংলাদেশ দলের ফরোয়ার্ড হিসেবে খেলেছেন সুমন সরেন।