বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

সাত দিনের ছুটি শেষে কাল খুলছে অফিস-আদালত ও ব্যাংক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ পিএম

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ সাত দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান। কাল সকাল ৯টা থেকে শুরু হয়ে নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম।
 
গত ২১ মার্চ (শনিবার) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উপলক্ষ্যে সরকার গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল। আজকের সূর্যাস্তের সঙ্গেই সেই দীর্ঘ ছুটির অবসান ঘটছে।
 
সাধারণ ছুটির পাশাপাশি সংবাদপত্র শিল্পেও এবার টানা ৫ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করায় এ কয়দিন পত্রিকা প্রকাশিত হয়নি। সেই ছুটিও আজ শেষ হচ্ছে।
 
এদিকে ছুটি কাটিয়ে গ্রামের বাড়ি থেকে কর্মজীবী মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। সরকারি ছুটি দীর্ঘ হওয়ায় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী আজকের মধ্যেই ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
 
আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশের প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।
Link copied!