মঙ্গলবার ২৬, মে ২০২৬

মঙ্গলবার ২৬, মে ২০২৬ -- : -- --

মৌমিতার মৃত্যুর কারণ উদঘাটনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্পিতা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম

মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা মৌমিতার মৃত্যুর প্রকৃত ঘটনা ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। পাশাপাশি খুলনা শহরে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, বিশ্ববিদ্যালয়ের হল রোড দ্রুত সংস্কার, ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবি তোলেন তারা।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সন্তানের মতো। কোনো শিক্ষার্থীর এমন মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার।” তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্পিড ব্রেকার মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। গল্লামারী সেতুর নির্মাণকাজ নিয়েও প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে, তবে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। সর্বশেষ আগামী দুই মাসের মধ্যে আংশিক কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, তুলনামূলক কম চাপযুক্ত সড়কে এ ধরনের দুর্ঘটনা উদ্বেগজনক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোঃ রেজোয়ানুল হক রাদ, তৌকির জোয়ার্দার, মেহরাব হোসেন রাকিব, মারুফ ও মুরছালীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবুর রহমান আকাশ।

এছাড়া মানববন্ধনে বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়ার চুকনগরে মৌমিতা হালদারের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সোমবার সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ ভবনের সামনে একটি প্রাইভেটকারের ধাক্কায় রিকশা থেকে পড়ে তিনি নিহত হন। তিনি আইন ডিসিপ্লিনের ’২১ ব্যাচের শিক্ষার্থী হিসেবে স্নাতক সম্পন্ন করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত ছিলেন।

Link copied!