প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০১:৪১ পিএম
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম আগামী ১০ জুন থেকে শুরু হতে পারে। অনলাইনে আবেদন গ্রহণ চলবে সম্ভাব্য ২০ জুন পর্যন্ত। এছাড়া ৫ জুলাই থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ দেওয়া হতে পারে। এরপর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া, প্রবেশপত্র সংগ্রহ এবং ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করা হবে।
প্রথমবারের মতো নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজ হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।
বিশ্ববিদ্যালয়ের অধীনে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটে বিভিন্ন বিভাগে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। এছাড়া আবেদন যোগ্যতা, ইউনিটভিত্তিক আসনসংখ্যা ও ভর্তি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় জানা যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নুরুল ইসলাম জানান, ভর্তি আবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহণ শুরু করা হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে।
