প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
বাংলাদেশ সরকারের এক প্রশাসনিক আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোর বর্তমান মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া, এনডিসি-কে সচিব পদে পদোন্নতি দিয়ে এই বিভাগে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
দাউদ মিয়া ১৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে তিনি কপিরাইট অফিসের রেজিস্ট্রার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে অতিরিক্ত সচিব এবং মাঠ প্রশাসনে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়।
তার এই নিয়োগের মাধ্যমে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা খাতে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
