বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ১৬ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম

দাখিল পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক:

২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে দেশের বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ১৬ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাঁরা কেন্দ্রগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ, অসংগতি শনাক্ত এবং সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দিবেন।

সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলাভিত্তিকভাবে কেন্দ্র পরিদর্শন করবেন এবং পৃথকভাবে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দেবেন।

আদেশ অনুযায়ী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক, চাঁদপুরে রেজিস্ট্রার অধ্যাপক ছালেহ আহমাদ দায়িত্ব পালন করবেন। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান পরিদর্শনে যাবেন।

নোয়াখালী জেলায় মাদ্রাসা পরিদর্শক অধ্যাপক মো. আবদুল মান্নান, বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ দায়িত্বে থাকবেন। নাটোর জেলার দায়িত্বও একই কর্মকর্তার ওপর ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া নওগাঁ ও বগুড়া জেলায় উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. মহাতাব হোসেন, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উপরেজিস্ট্রার মো. আবদুর রশিদ দায়িত্ব পালন করবেন। সাতক্ষীরা, যশোর ও নড়াইলে উপরেজিস্ট্রার মো. জিয়াউর রহমান এবং কুমিল্লায় কারিকুলাম বিশেষজ্ঞ মোহাম্মদ হেদায়েত উল্লাহ পরিদর্শনে যাবেন।

নেত্রকোনায় উপ-মাদ্রাসা পরিদর্শক-১ মো. আকরাম হোসেন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে উপপরিদর্শক-২ শরীফ মুহাম্মদ ইউনুছ, রংপুরে উপপরিদর্শক মো. মোশারফ হোসেন দায়িত্বে থাকবেন।

শেরপুরে সহকারী পরিদর্শক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, গাজীপুরে সহকারী পরিদর্শক মো. জাহিদুল হক ছিদ্দিকী দায়িত্ব পালন করবেন। চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়িতে সহকারী প্রোগ্রামার মো. মামুন-অর-রশিদ এবং বান্দরবানে সহকারী প্রোগ্রামার তানজারুল ইসলাম মিশু কেন্দ্র পরিদর্শনে যাবেন।

অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী টিএ/ডিএ পাবেন। তবে বোর্ড যদি যাতায়াতের ব্যবস্থা করে, সে ক্ষেত্রে ভাতা প্রযোজ্য হবে না। পরিদর্শন না করলে কোনো বিল দাখিল করা যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া পরিদর্শন শেষে কেন্দ্রের পরিদর্শন বইতে কর্মকর্তা ও কেন্দ্রসচিবের স্বাক্ষর থাকতে হবে এবং এর অনুলিপি প্রতিবেদনসহ জমা দিতে হবে। পরিদর্শনকালে কেন্দ্রের যেকোনো অসংগতি ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।

Link copied!