সোমবার ০৯, মার্চ ২০২৬

সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --

উত্তরপত্র মূল্যায়নে কারিগরি পরীক্ষকদের বিল পরিশোধ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

ফাইল ফটো

২০২৫ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স প্রথম বর্ষ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের পারিশ্রমিক বাবদ ৪ কোটি ১৯ লাখ ৩ হাজার ৭০৩ টাকা ৪০ পয়সা ছাড় করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, মোট ৩ হাজার ৫১টি পারিশ্রমিক বিলের বিপরীতে এই অর্থ সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক, পরীক্ষক ও নিরীক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, গত ২ মার্চ স্বাক্ষরিত সাতটি পৃথক চেকের মাধ্যমে অর্থ সোনালী ব্যাংক পিএলসির আগারগাঁও শাখায় পাঠানো হয়। সেখান থেকে সংশ্লিষ্ট পরীক্ষক ও নিরীক্ষকদের নিজ নিজ সঞ্চয়ী ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

এ ক্ষেত্রে ব্যাংকের প্রযোজ্য চার্জ প্রাপকের প্রাপ্য অর্থ থেকে কেটে নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পারিশ্রমিক বিলের অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর ফলে অর্থ প্রদান প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তবে কোনো পরীক্ষকের ব্যাংক হিসাব নম্বরে ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অর্থ বোর্ডের নির্ধারিত একটি ‘সান্ড্রি’ হিসাবে জমা থাকবে। পরবর্তীতে সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ আবেদন করলে যাচাই-বাছাই শেষে ভুল সংশোধন করে ওই হিসাব থেকে অর্থ প্রদান করা হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষকদের পারিশ্রমিক দ্রুত প্রদান করা হলে পরীক্ষার মূল্যায়ন প্রক্রিয়ায় যুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ ও দায়িত্ববোধ বাড়ে। এতে ভবিষ্যতে পরীক্ষার কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এদিকে সংশ্লিষ্ট শিক্ষকরা জানিয়েছেন, সময়মতো পারিশ্রমিক পাওয়ায় তারা সন্তুষ্ট। তারা আশা করছেন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Link copied!