বুধবার ০১, এপ্রিল ২০২৬

বুধবার ০১, এপ্রিল ২০২৬ -- : -- --

জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রামে তরুণদের সুযোগ

আফিয়া জিনিয়া

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

সংগৃহীত

জাতিসংঘের অনলাইন ভলান্টিয়ার প্রোগ্রাম ২০২৬ এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ তরুণ–তরুণী ও প্রতিষ্ঠানকে টেকসই উন্নয়ন কার্যক্রমে যুক্ত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রোগ্রামটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং এতে অংশ নিতে কোনো ধরনের ফি দিতে হয় না।

এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ঘরে বসেই বৈশ্বিক উন্নয়নমূলক প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। একই সঙ্গে নতুন দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগও তৈরি হবে। প্রকল্পভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হওয়ায় আগ্রহীদের নির্দিষ্ট সময়সীমা যাচাই করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রোগ্রামটিতে গ্রাফিক ডিজাইন, লেখা, শিক্ষা, অ্যাডভোকেসি-এমন নানা ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। শুধু ব্যক্তি পর্যায়ের আবেদনকারীই নয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনও এতে অংশ নিতে পারবে।

এই ভলান্টিয়ার কার্যক্রমে যুক্ত হয়ে অংশগ্রহণকারীরা পেশাগত অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সমমনা মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এর ফলে আন্তর্জাতিক পর্যায়ের একটি কার্যকর নেটওয়ার্ক তৈরি হবে, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি অর্জিত অভিজ্ঞতা সিভিতে যুক্ত করা যাবে, যা চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়তি সুবিধা এনে দিতে পারে।

সুযোগ–সুবিধা

প্রোগ্রামটি সম্পূর্ণ বিনামূল্যে; কোনো আবেদন ফি নেই
পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক
আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ
কাজের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা
দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পছন্দমতো প্রকল্প বেছে নেওয়ার সুযোগ

আবেদনের যোগ্যতা

যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন
বয়স, লিঙ্গ বা শিক্ষাগত যোগ্যতার কোনো নির্দিষ্ট বাধা নেই

আবেদনের প্রক্রিয়া

এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রকল্পের বিস্তারিত তথ্য এবং সময়সীমা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!