রবিবার ০৩, মে ২০২৬

রবিবার ০৩, মে ২০২৬ -- : -- --

কেমব্রিজে শিক্ষা পুরস্কার পেলেন ঢাবি শিক্ষিকা রুবাইয়া মোরশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৪৩ এএম

রুবাইয়া মোরশেদ | ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষা গবেষণা, সামাজিক ন্যায়বিচার এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে সমতা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো প্রবর্তিত ‘ড. আরিফ নাভিদ এডুকেশন অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি গবেষক রুবাইয়া মোরশেদ।

গত ২৯ এপ্রিল যুক্তরাজ্যের University of Cambridge-এর ফ্যাকাল্টি অব এডুকেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।

রুবাইয়া মোরশেদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এর অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের একজন প্রাক্তন শিক্ষার্থী।

১০০০ পাউন্ড মূল্যমানের এই পুরস্কারের জন্য চূড়ান্ত তালিকায় আরও তিনজন গবেষক আলী আনসারী, ক্যামিলা হাদি চৌধুরী এবং ইরাম মকবুল স্থান পেয়েছিলেন।

পুরস্কারটি প্রবর্তন করা হয়েছে প্রখ্যাত পাকিস্তানি সমাজবিজ্ঞানী আরিফ নাভিদ-এর স্মৃতিকে ধরে রাখতে। ২০২৪ সালে মাত্র ৪২ বছর বয়সে অকালপ্রয়াত এই গবেষক দারিদ্র্য, অসমতা ও শিক্ষাক্ষেত্রে সামাজিক গতিশীলতা নিয়ে কাজের জন্য আন্তর্জাতিকভাবে সমাদৃত ছিলেন।

অনুষ্ঠানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কামাল মুনির বিজয়ীর নাম ঘোষণা করেন। রুবাইয়া মোরশেদের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তাঁর পিএইচডি সুপারভাইজার রিকার্ডো সাবাতেস।

এ সময় উপস্থিত ছিলেন আরিফ নাভিদের স্ত্রী সানা এবং তাঁদের কন্যা আলিয়ানাহ।

রুবাইয়া মোরশেদ বলেন,

“এই স্বীকৃতি আমাকে মনে করিয়ে দিচ্ছে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের জন্য সমতা ও ন্যায়বিচারের লড়াই চালিয়ে যেতে হবে।”

তিনি আরও জানান, আরিফ নাভিদের আদর্শ ধারণ করে তিনি কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চান।

রুবাইয়ার গবেষণার মূল কেন্দ্রবিন্দু হলো শিক্ষার অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ। তিনি বিশেষভাবে কাজ করছেন শিক্ষা কীভাবে আয়, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নে ভূমিকা রাখে। পাশাপাশি নারীর শিক্ষা ও ভোটদানে অংশগ্রহণ নিয়েও তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে।

তিনি UNICEF-এর শিক্ষা গবেষণা পরামর্শক হিসেবেও কাজ করেছেন এবং সুবিধাবঞ্চিত ও স্কুলছুট শিশুদের জন্য বিভিন্ন প্রকল্পে অবদান রেখেছেন।

তাঁর লেখা ‘Nobody’s Children’ গ্রন্থে তিনি সেইসব শিশুদের জীবনচিত্র তুলে ধরেছেন, যারা কখনোই স্কুলে যাওয়ার সুযোগ পায়নি।

নাভিদের পিএইচডি সুপারভাইজার মেডেলিন আরনট বলেন,

“রুবাইয়ার গবেষণা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি শক্ত ভিত্তি তৈরি করছে। এটি তাঁর কাজের যথার্থ স্বীকৃতি।”

Link copied!