প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম
নেক্সা স্টুডিওর ব্যানারে নির্মিত নতুন ফোক গান “মোহ মায়া” প্রকাশের অপেক্ষায় সংগীতপ্রেমীরা। সুর, শব্দ আর অনুভূতির এক কোমল মেলবন্ধনে তৈরি এই গানটি আগামী ৩০ মার্চ বিকেল ৫টায় উন্মুক্ত হবে Nexa Studio-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
গানটির কথায় উঠে এসেছে গভীর আবেগ আর সহজ-সরল জীবনের অনুভূতি। “যেখানেই মন দিয়েছি / সেখানেই ছিল মানা / মনে কি আর যায়রে বাঁধা / মন জানে না মনের ঠিকানা…”—এমন পংক্তিগুলোতে ধরা পড়েছে মনের অস্থিরতা, ভালোবাসার টানাপোড়েন এবং না-পাওয়ার এক নরম ব্যথা। গানের কথাগুলো লিখেছেন লেখক, গবেষক, কবি ও কথাসাহিত্যিক নাজমীন মর্তুজা, যিনি তাঁর সংবেদনশীল লেখনীর জন্য ইতোমধ্যেই পরিচিত।
গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের গায়িকা শিল্পী বিশ্বাস। তাঁর আবেগঘন ও মাধুর্যপূর্ণ কণ্ঠ গানটিকে দিয়েছে বিশেষ এক আবেদন, যা শ্রোতার হৃদয়ে সহজেই পৌঁছে যাবে। সুর করেছেন এস. ডি. সাগর এবং সংগীতায়োজন করেছেন ওয়াহিদ শাহিন। তাঁদের সম্মিলিত প্রয়াসে গানটি পেয়েছে এক পরিপূর্ণ ও হৃদয়গ্রাহী রূপ।
শুধু গানই নয়, এর মিউজিক ভিডিওতেও রাখা হয়েছে বিশেষ গুরুত্ব। Nexa Production Team-এর নির্মাণে ভিডিওটিতে গ্রামীণ বাংলার প্রাকৃতিক সৌন্দর্য—মেঠোপথ, নদীর ঢেউ, নৌকার দোলা আর সবুজ ফসলের মাঠ—অত্যন্ত নান্দনিকভাবে ফুটে উঠেছে। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন মোনালিসা ও আলভি মামুন, যারা তাদের অভিনয়ের মাধ্যমে গানের আবেগকে আরও জীবন্ত করে তুলেছেন।
নেক্সা স্টুডিওর প্রত্যাশা, “মোহ মায়া” গানটি শ্রোতাদের মনে আলাদা একটি জায়গা করে নেবে। আবেগ, সুর ও কণ্ঠের এই সমন্বয় নতুন প্রজন্মের ফোক সংগীতে যোগ করবে একটি উল্লেখযোগ্য মাত্রা।
