বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬

বৃহস্পতিবার ১২, মার্চ ২০২৬ -- : -- --

এইচএসসি ফরম পূরণের সময়সীমা বাৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

ফাইল ফটো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। এতে করে যারা নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেননি, তারাও নতুন করে সুযোগ পাচ্ছেন।

বুধবার (১১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বোর্ডের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত শিক্ষার্থীদের অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন এবং ফি জমা দিতে পারবেন ‘সোনালী সেবা’ প্ল্যাটফর্মের মাধ্যমে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।

এর আগে শিক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ৯ মার্চ পর্যন্ত। কিন্তু অনেক শিক্ষার্থী নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা বোর্ড সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এই সুযোগ দেওয়া হয়েছে। যাতে কোনো শিক্ষার্থী শুধু সময়সীমা পার হয়ে যাওয়ার কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়।

এদিকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা দ্রুত শিক্ষার্থীদের এই নতুন সময়সীমা সম্পর্কে অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে সহায়তা করেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করলে পরে আর সুযোগ নাও থাকতে পারে। তাই শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ফরম পূরণের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে অনেক পরীক্ষার্থী স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সময়সীমা বাড়ানোর ফলে এখন তারা নিশ্চিন্তে ফরম পূরণের কাজ সম্পন্ন করতে পারবেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতিতে আরও মনোযোগ দিতে পারবেন।

Link copied!