সোমবার ০৯, মার্চ ২০২৬

সোমবার ০৯, মার্চ ২০২৬ -- : -- --

সিরাজগঞ্জে ১৮৬ শিক্ষার্থী পেলো ২৯ লাখ বৃত্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ এএম

ফাইল ফটো

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দিতে ১৮৬ জন ছাত্র–ছাত্রীকে প্রায় ২৯ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। জেলা কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে এ বৃত্তি দেওয়া হয়।

শনিবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হয়। ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের এই সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ যারা এই বৃত্তি পেয়েছে তারা আগামী দিনে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের অভিভাবকদেরও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, শিক্ষা একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। সিরাজগঞ্জ কল্যাণ ট্রাস্ট ও জেলা পরিষদ ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে তিনি জানান।

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পড়াশোনাই নয়, জীবনে সফল হতে হলে সততা, অধ্যবসায় এবং নৈতিকতা বজায় রাখতে হবে। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান দেখানোর আহ্বানও জানান তিনি।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন। তিনি বলেন, দেশের উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দায়িত্ব অনেক। নীতি ও আদর্শসম্পন্ন জনশক্তি তৈরি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার এবং সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুন্নবী খান জুয়েল।

Link copied!