প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১১:১৮ পিএম
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার (লেভেল–১, টার্ম–১) পরীক্ষার ফলাফল দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও প্রকাশ করা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, গত বছরের এপ্রিল মাসে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে জুলাই মাসে শেষ হয়। সে সময় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ (MEC) ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ (FEC)-এ চলমান আন্দোলনের কারণে সেখানে পরীক্ষার কার্যক্রম স্থগিত থাকলেও নিটারের সিএসই বিভাগের শিক্ষার্থীরা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করেন।
পরবর্তীতে শিক্ষার্থীরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার (লেভেল–১, টার্ম–২)-এর ক্লাস নিয়মিতভাবে চালিয়ে যেতে থাকেন। অন্যদিকে আন্দোলনের কারণে পিছিয়ে থাকা ময়মনসিংহ ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একই বিভাগের শিক্ষার্থীরা অক্টোবর মাসে এসে প্রথম সেমিস্টারের পরীক্ষা সম্পন্ন করেন।
যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সব কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও অনুষ্ঠিত হয়। তবে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনো সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি। এদিকে নিটারের অন্যান্য বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এখনও প্রথম সেমিস্টারের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
দীর্ঘদিন ধরে ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
