বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

২৮ মার্চ পর্যন্ত জাবির সকল ক্লাস পরীক্ষা বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে গতকাল (৮ মার্চ ২০২৬) রবিবার রাতে  অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ৮ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের  আলোকে ৯ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ ঘোষণা করা হয়েছে। 
 
সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃক পূর্বর্নিধারিত সময়সূচী অনুযায়ী নিম্নোক্ত নির্দেশনাসমূহ প্রতিপালন করে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা রাখা হবে এবং আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।  

সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনাসমূহ (অফিস চলাকালীন) : 
(ক) দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
(খ) বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যাবহার পরিহার করতে হবে।
(গ) অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
(ঘ) এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।
(ঙ) অফিস কক্ষ ত‍্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
(চ) অফিসের করিডোর, সিড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
(ছ) বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
(জ) অফিস সময় শেষ হওয়ার পর সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
(ঝ) যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
(ঞ) গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
(ট) জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। 
সভায় উপরোক্ত সিদ্ধান্তসমূহ 
যথাযথভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

Link copied!