বুধবার ১১, মার্চ ২০২৬

বুধবার ১১, মার্চ ২০২৬ -- : -- --

ইবি শিক্ষিকা হত্যার বিচারে মানববন্ধন

ইবি থেকে বিপ্লব হোসেন

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এবং জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রীণ ফোরামের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী, চার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া শাখা ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরাও এতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনের পাশাপাশি রুনার আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে একটি শোকসভাও আয়োজন করা হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্যান্য আসামিদের ধরতে পুলিশের তৎপরতা যথেষ্ট নয়। তারা দাবি করেন, কয়েকজন আসামির ব্যবহৃত মোবাইল নম্বরে কল গেলেও অভিযান চালিয়েও পুলিশ তাদের আটক করতে পারেনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তের অগ্রগতি দৃশ্যমান না হলে শিক্ষকরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।

মানববন্ধনে উপস্থিত শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে অতীতে শিক্ষকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটলেও সেগুলোর বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটছে বলে তারা মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নিহত শিক্ষিকার পরিবারের পাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থাকবে এবং অপরাধীদের বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এ বিষয়ে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে, তবে নতুন নম্বর ব্যবহার করলে সেগুলো ট্র্যাক করে অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

Link copied!